
উখিয়ার বালুখালী সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক
ফরিদুল আলম শাহীন
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. কামাল (৩৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার সীমান্তবর্তী কাটাপাহাড়-শাহজাহানের ঘের এলাকায় এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর বালুখালী বিওপির বিশেষ টহল দল।
আটক মো. কামাল উখিয়া উপজেলার বালুখালী জমিদারপাড়া গ্রামের কবির আহমেদের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে বালুখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০ টার দিকে মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
পরে তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
তার কাছ থেকে কালো পলিথিনে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা গুলো খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চার কার্টনে মোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন বিজিবি।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ততিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।