
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ
তারিখ: ২রা নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ
বিষয়: ‘দৈনিক ইনকিলাব’-এর অনলাইন সংস্করণে প্রকাশিত ভিত্তিহীন, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ।
একটি জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক ইনকিলাবের অনলাইন সংস্করণে শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতা হিসেবে কয়েকটি গ্রুপের সঙ্গে সাদমা গ্রুপের নাম জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। সাদমা গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা এই অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত প্রতিবেদনে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সাদমা গ্রুপের পরিচালক ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে যে অশুভ যোগসূত্রের কথা বলা হয়েছে, তার সাথে বাস্তবতার দূরতম কোনো সম্পর্ক নেই। সাদমা গ্রুপ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বনামধন্য এবং দায়িত্বশীল শিল্পপ্রতিষ্ঠান।
প্রতিষ্ঠালগ্ন থেকেই এই গ্রুপ দেশের তৈরি পোশাক শিল্পখাতে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে এবং হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে নিরলসভাবে অবদান রেখে চলেছে। শ্রমিকদের নায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং তাদের নিয়মিত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সাদমা গ্রুপ সর্বদা বদ্ধপরিকর ও সচেষ্ট রয়েছে। কোনো ধরনের রাজনৈতিক অসদুদ্দেশ্য বা অস্থিতিশীলতা তৈরির সাথে এই প্রতিষ্ঠানের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। একটি কুচক্রী মহল আমাদের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করতে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে এই অসত্য ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করেছে।
আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সুধীমহলের অবগতির জন্য স্পষ্ট করে জানাতে চাই যে, সাদমা গ্রুপ সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসা পরিচালনা করে আসছে। কোনো ধরনের অরাজকতা বা নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে অতীতেও আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না, ভবিষ্যতেও থাকবে না।
বর্তমান শ্রমিক আন্দোলনের কারণে সাদমা গ্রুপ ইতোমধ্যে অপূরণীয় আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উৎপাদন
কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতাদের অর্ডার অনুযায়ী পণ্য উৎপাদন ও শিপমেন্ট সম্পন্ন
করা সম্ভব হবে কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে ক্রেতাদের অর্ডার বাতিল হওয়া, ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উৎপাদন বন্ধ বা ব্যাহত থাকায় প্রতিদিনই প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অতএব, জনস্বার্থে ও সঠিক তথ্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভবিষ্যতে এ ধরনের মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, প্রতিষ্ঠানের মানহানি ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হব।
বিনীত নিবেদক, সাদমা গ্রুপ




