1. news@bbcnewsbd.com : BBC NEWS BD : BBC NEWS BD
  2. info@www.bbcnewsbd.com : BBC NEWS BD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:

কুতুবদিয়ায় প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা র‍্যালী, সভা, ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

কুতুবদিয়ায় প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা র‍্যালী, সভা, ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
‎‎

‎প্লাস্টিক দূষণ রোধ, টেকসই প্লাস্টিক পণ্যের ব্যবহার উৎসাহিত করা এবং প্লাস্টিক বর্জ্যের কার্যকর ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ সমুদ্রসৈকত এলাকায় সচেতনতা র‍্যালি, সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।


‎‎
‎১৫ আগস্ট (শনিবার ) বেলা ১১ টার দিকে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ সমুদ্রসৈকতের পাড়ে প্লাস্টিক সচেতনামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের “Integrated Approach Towards Sustainable Plastics Use and Marine Litter Prevention in Bangladesh” প্রকল্পের আওতায় জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)-এর কারিগরি সহায়তা, বাংলাদেশে নরওয়ে দূতাবাসের আর্থিক সহায়তায় এবং কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএস)’র যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎‎
‎কর্মসূচির শুরুতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, মৎস্যজীবি, নৌকার মালিক ও মাঝি, প্রান্তিক চাষি, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে একটি সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে প্লাস্টিকের ব্যবহার কমানো, যত্রতত্র প্লাস্টিক বর্জ্য না ফেলা, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
‎‎
‎পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং উপকূলীয় পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
‎‎
‎কর্মসূচিতে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) বাংলাদেশ-এর ন্যাশনাল কনসালট্যান্ট মো. সহিদুল ইসলাম সিয়াম, কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ)-এর সভাপতি এম. শহীদুল ইসলাম, কেডিএসএ-এর সহ-সভাপতি ও শিক্ষক আমিনুল হক, বড়ঘোপ বাজারের ব্যবসায়ী নুরুল কাদের এবং বিডি ক্লিন-এর কক্সবাজার জেলা সমন্বয়ক মো. সৈয়দ করিম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‎‎আলোচনা সভায় UNIDO বাংলাদেশ-এর ন্যাশনাল কনসালট্যান্ট মো. সহিদুল ইসলাম সিয়াম বলেন, কুতুবদিয়ার মতো গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকার পরিচ্ছন্নতা ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষা শুধু একটি পরিচ্ছন্নতা অভিযানের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের সচেতনতা, আচরণগত পরিবর্তন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ জড়িত। নদী, খাল ও ড্রেনের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য সমুদ্রে পৌঁছে সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে এবং খাদ্যচক্রেও প্রবেশ করছে। তাই কুতুবদিয়ার মতো উপকূলীয় এলাকায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
‎‎
‎কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের সভাপতি এম. শহীদুল ইসলাম বলেন, কুতুবদিয়া আমাদের প্রাকৃতিক সম্পদ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা; তাই এটিকে পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত রাখা আমাদের সবার দায়িত্ব। আজকের পরিচ্ছন্নতা অভিযান শুধু একদিনের কর্মসূচি নয়—কুতুবদিয়াকে পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত রাখতে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎‎
‎বিডি ক্লিন কক্সবাজার জেলা সমন্বয়ক মো. সৈয়দ করিম পরিচ্ছন্নতা অভিযানের বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্ব তুলে ধরে বলেন, কুতুবদিয়ার বড়ঘোপ সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় দীর্ঘদিনের জমে থাকা প্লাস্টিক বর্জ্য অপসারণে এ ধরনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত কার্যকর। তিনি আরো বলেন, পরিচ্ছন্নতা অভিযান সফল করতে শুধু স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ যথেষ্ট নয়; বাজারের ব্যবসায়ী, জেলে, নৌকার মালিক ও মাঝি, স্থানীয় বাসিন্দা এবং পর্যটকসহ সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্বের প্রতি সচেতন থাকার আহবান জানান।
‎‎
‎আলোচনা সভা শেষে পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত কুতুবদিয়া গড়ে তোলার লক্ষ্যে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে অঙ্গীকার গ্রহণ করেন। অঙ্গীকারে প্লাস্টিকের ব্যবহার কমানো, যত্রতত্র বর্জ্য না ফেলা, বর্জ্য উৎসস্থলে পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং স্থানীয় পরিবেশ সুরক্ষায় সক্রিয়ভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

‎এরপর বিডি ক্লিন, কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ) এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কুতুবদিয়া সমুদ্র সৈকতের প্রায় দুই কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews