
বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা!
আন্তর্জাতিক পর্যায়ে কোরআন হিফজ ও তেলাওয়াত প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনকারী পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ পঞ্চাশ হাজার টাকা উপহার দেওয়া হয়।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “হাফেজ জাকারিয়া আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে শুধু তার পরিবার বা বাউফল নয়, পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার এ অর্জন বাউফলের মানুষের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।”
তিনি আরও বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাউফলের সন্তান হাফেজ জাকারিয়ার এ সাফল্য প্রমাণ করে। সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে বাংলাদেশের মেধাবী সন্তানরা বিশ্বমঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে। তার এ অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ড. মাসুদ বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে হবে।
অনুষ্ঠানে হাফেজ জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ পঞ্চাশ হাজার টাকা উপহার তুলে দেন প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ এবং বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা হাফেজ জাকারিয়ার আন্তর্জাতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, তার এ অর্জন শুধু বাউফল নয়, পুরো পটুয়াখালী তথা বাংলাদেশের জন্য গৌরবের। তারা হাফেজ জাকারিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন।